হলে থাকাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ ৩ জন আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এ ঘটনা ঘটে।
সাবেক ওই ছাত্রনেতা সরকারি গোয়েন্দা পুলিশের এনএসআই শাখার এডি পদে কর্মরত আছেন বলে জানা গেছে।
আহত ওই নেতার নাম সায়মন হোসেন। তিনি হলের ৩১৮ নম্বর রুমে থাকতেন। তার সঙ্গে তার এক বন্ধু ডা. সুমন এবং তার ছোট ভাই ওমর সানিও সেখানে থাকেন। ওমর সানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা যায়।
সংঘর্ষে তারা ৩ জনই আহত হন। পরে রাতেই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষার্থীরা জানান,গত ৩ দিন আগে বিষয়টি নিয়ে তাকে সতর্ক করা হয়। তবে সায়মন হল ছাড়তে অস্বীকৃতি জানালে তার সাথে ছাত্রলীগ কর্মীদের কথা কাটাকাটি হয়। পরে ছাত্রলীগ কর্মীরা রুম থেকে তার জিনিসপত্র বের করে তালা লাগিয়ে দেয়।
সোমবার বিকালে রুমে তালা দেখে ওই কর্মকর্তা হলের স্টাফদের এ ব্যাপারে জিজ্ঞাসা করেন। স্টাফরা এ বিষয়ে কিছু বলতে না পারলে সায়মন স্টাফদের মারধর করেন এবং তালা ভেঙে তার জিনিসপত্র আবার রুমে রেখে বাইরে বের হন।
ছাত্রলীগের সভাপতি গ্রুপের কর্মীরা এ খবর জানতে পারলে তারা সায়মনকে মারার পরিকল্পনা করেন। পরে রাত ১টার দিকে তিনি হলে আসলে ছাত্রলীগের কর্মীরা তাকে মারধর করে।
পরে হল থেকে বের করে দেওয়ার সময় ছাত্রলীগের কর্মীরা আরেক দফায় তাকে মারধর করে। এসময় তার ছোট ভাই ওমর সানি আহত হয়।
ছাত্রলীগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার বন্ধু ডা. সুমন ৩ তলা থেকে লাফ দিয়ে মাটিতে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এম আমজাদ আলী বলেন,অনেক আগেই ওই কর্মকর্তার শিক্ষাজীবন শেষ হয়েছে। এখন সে চাকরি করে। নিয়ম অনুযায়ী শিক্ষা জীবন সমাপ্ত হলে তার হলে থাকার অধিকার নেই। হলে ছাত্ররা তাকে হল থেকে বের হয়ে যেতে বলে। কিন্তু তিনি তা না করে উল্টো হলের কর্মচারীকে মারধর করেছে।
এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি হাসানকে একাধিক বার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
ঢাবিতে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৩
হলে থাকাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ ৩ জন আহত হয়েছেন





