দুর্নীতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় অপপ্রচারের অভিযোগ এনে রাবি শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ দায়েরের ৬ দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ।
আইসিটি আইনে মামলাটি রেকর্ড করা হয়েছে বলে মতিহার থানার ওসি হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৮ নভেম্বর নগরীর মতিহার থানায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ‘বিভ্রান্তিকর’ তথ্য ছাড়ানোর অভিযোগ দায়ের করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক।
অভিযুক্ত কাজী জাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক।
তিনি সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয় প্রসাশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে স্ট্যাটাস দেন।
সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রশাসনের দুর্নীতি ও অনিয়মের কথাও উল্লেখ করেন।
নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবীর বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযোগের বিষয় যাচাই-বাছাই করতে বিলম্ব হওয়ায় মামলা রেকর্ড করতে বিলম্ব হয়েছে।’
এমবি





