সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) তল্লাশি চালিয়ে চার রাউন্ড গুলিসহ একটি রিভলবার ও ১৯টি রামদা উদ্ধার করেছে জালালাবাদ থানা পুলিশ। এ সময় পিযুষ গ্রুপের অনিকসহ ১৭ ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে।

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে তাদের আটক ও অস্ত্র উদ্ধার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জালালাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) আকতার হোসেন বিষয়টির নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়ে শাবি ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় তিন ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হন। বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন দাস নামে একজনের মৃত্যু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখরসহ আহত হন আরও ১০ জন।

সার্বিক পরিস্থিতি নিয়ে দুপুরে সিন্ডিকেটের জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বিকাল ৪টার মধ্যে সব ছাত্রকে হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়। এ ছাড়া শুক্রবার সকাল ৯টার মধ্যে মেয়েদের হল ত্যাগেরও নির্দেশ দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

কেএইচ