রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে তিন ভূয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টার পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের মার্স্টাসের শিক্ষার্থী আক্তারুজ্জামান। তবে আটককৃত অপর পরীক্ষার্থীর নাম পরিচয় এখনো পাওয়া যায় নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তারিকুল হাসান জানান, শুক্রবার সকাল ১০ থেকে ১১টায় রাকাবের সুপারভাইজার পদের বিজোড় নম্বরধারীদের নিয়োগ পরীক্ষা চলছিল।

রাবির প্রথম বিজ্ঞান ভবনের ৩২১ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে মনিরুল ও আক্তারুজ্জামান জনৈক পাবনার আবুল বাসার নামের এক ব্যক্তির কাগজপত্র ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

পরীক্ষার হলে দায়িত্বরত পরিদর্শক বিষয়টি বুঝতে পেরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

তিনি আরো বলেন, অপর এক পরীক্ষার্থী পরীক্ষা শুরু হবার ১০ মিনিট পর রাকাব কর্তৃপক্ষ পরিচয় দিয়ে হল থেকে বের হবার চেষ্টা করে। এসময় দায়িত্বরত পরিদর্শকদের সন্দেহ হলে রাবির প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন। তবে ওই পরীক্ষার্থীর আটক করার পর এখনো তার নাম পরিচয় পাওয়া যায় নি।

শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করার হলে ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায় মনিরুল ও আক্তারুজ্জামানকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার আদেশ দেন।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

এসএইচ