বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত মান উন্নয়নের উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) ও যুক্তরাজ্যের দি ওপেন ইউনিভার্সিটির উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকরা অংশগ্রহণ করছেন।
সোমবার সকালে আইইআর-এর পরিচালক অধ্যাপক গোলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়ার্কশপ ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ এবং আইইআর-এর সাবেক পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দি ওপেন ইউনিভার্সিটির রিসার্চ ফেলো ড. মুহাম্মদ মারুফ চৌধুরী সোহেল। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ টিমের টিম ইনচার্জ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক এবিএম আহসান রকিব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলা অনুষদের ডীন অধ্যাপক ড. খন্দকার ফরহাদ হোসেন,বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মু. হাবিবুর রহমান,বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন,জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আবদুল লতিফ,প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আবু বকর মো. ইসমাইল,আইবিএস-এর পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ,আইবিএসসি-এর পরিচালক অধ্যাপক ড. তানজিমা ইয়াসমিন,আইবিএ-এর পরিচালক অধ্যাপক ড. অভিনয় চন্দ্র সাহা,আইইএস-এর পরিচালক অধ্যাপক ড. মো. আজিজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ ও গবেষণা কাজের ওপর গুরুত্ব আরোপ করেন এবং এ ধরনের যৌথ উদ্যোগের মাধ্যমে শিক্ষা-গবেষণা কর্মকে এগিয়ে নেয়ার ওপর জোর প্রদান করেন।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]





