‘অমর একুশে গ্রন্থমেলা-২০১৪’ উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড়ে মিছিলটি বের করা হয়। মিছিলটি বুয়েট ক্যাফেটারিয়া পর্যন্ত গিয়ে শেষ হয়। ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া টাইম নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অবৈধ সরকার গঠন করে রাষ্ট্রীয় কার্য পরিচালনা এবং বিরোধী দলের নেতাকর্মীদের উপর অত্যাচার-নিপীড়ন করায় একুশে বই মেলার উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
তিনি আরো বলেন, জোর করে ক্ষমতা দখল করলেও দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে মূল্যায়ন করে না।
মিছিলে ছাত্রদলকর্মী শ্রাবণ, ফারুক, রাজু, ফয়সাল, মুস্তাফিজ, রিপনসহ প্রায় ৩০/৩৫জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, “অমর একুশে গ্রন্থমেলা-২০১৪” উপলক্ষে আজ বিকাল ৩টায় বাংলা একাডেমীতে বই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[b]ঢাকা,১ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি)//এসএইচ[/b]