রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার এ ইউনিটের ব্যবহারিক পরীক্ষা, এফ ও জি ইউনিটের সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হয়েছে। অনুষদের ডিনরা বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
এ ইউনিটের ডিন প্রফেসর ড. খন্দকার ফরহাদ হোসেন জানান, কলা অনুষদভুক্ত এ ইউনিটের চারুকলা, নাট্যকলা ও সঙ্গীত বিভাগের ব্যবহারিক পরীক্ষা ৬, ৭ ও ৮ নভেম্বর নেয়ার কথা ছিল। কিন্তু হরতালের কারণে তা পিছিয়ে ১১, ১২ ও ১৩ নভেম্বর নেয়া হবে।
অন্যদিকে এফ ইউনিটের ডিন প্রফেসর ড. আব্দুল লতিফ জানান, হরতালের কারণে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভূক্ত এফ ইউনিটের সাক্ষাৎকার আগামী ৯, ১০, ১১ ও ১২ নভেম্বর (সকাল ৯টা থেকে ২টা) পর্যায়ক্রমে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদে গ্রহণ করা হবে।
'জি' ইউনিটের ডিন প্রফেসর ড. শাহানা কায়েস জানান, কৃষি অনুষদভূক্ত 'জি' ইউনিটের সাক্ষাৎকার ৮ নভেম্বরের পরিবর্তে ১০ নভেম্বর (সকাল সাড়ে ৮টা থেকে দেড়টা) কৃষি অনুষদ ভবনে গ্রহণ করা হবে।
সাক্ষাৎকারের বিস্তারিত তথ্যাবলী অনুষদের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট admission.ru.ac.bd থেকে জানা যাবে।
কেএইচ





