বহিরাগত ও ছাত্রলীগের অবরোধের মুখে অচল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আবার সচল হয়েছে।  গত এক সপ্তাহ ধরে ছাত্রলীগ ও বহিরাগত চাকরিপ্রত্যাশীদের অঘোষিত অবরোধ চলছিল।
রোববার রাতে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে বিশ্বাবদ্যালয় প্রশাসনের আলোচনার পর তারা অবরোধ স্থগিত করলে সোমবার সকাল থেকে ক্যাম্পাসের কার্যক্রম যথারীতি শুরু হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার ড. আমানুর আমান জানান, রোববার রাতে চাকরি প্রত্যাশী ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে প্রশাসনের আলোচনা হয়েছে। আলোচনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান চাকরিপ্রত্যাশী ও ছাত্রলীগ নেতাদের দাবি-দাওয়ার ব্যাপারটি বিবেচনা করার আশ্বাস দিলে অঘোষিত অবরোধ স্থগিত করা হয়।
ফলে সোমবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে চলাচলকারী সব বাস ক্যাম্পাসে আসায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে পারায় ক্যম্পাস সচল হয়েছে। শুরু হয়েছে ক্লাস ও বিভিন্ন বিভাগের পরীক্ষা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান জানান, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক।
উল্লেখ্য, চাকরির দাবিতে এক সপ্তাহ ধরে চাকরি প্রত্যাশী বহিরাগত ও ছাত্রলীগের অঘোষিত অবরোধের মুখে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়। পুলিশ প্রহরায় চলছিল প্রশাসনিক সব কার্যক্রম।
৩ এপ্রিল সিন্ডিকেট মিটিং এ চাকরির দাবি জানানো হয়েছিল। এ সিন্ডেকেট মিটিংয়ের আগেই ৩১ মার্চ রাত সাড়ে আটটায় ঝিনাইদহ শৈলকুপা এলাকার ছাত্রলীগ নেতারা চাকরির দাবিতে বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এছাড়াও ৫ এপ্রিল  বিশ্ববিদ্যালয় উপাচার্য আব্দুল হাকিম সরকারের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ  ঘটায় দুর্বৃত্তরা।
[b]কুষ্টিয়া, ৭ এপ্রিল (টাইম নিউজবিডি.কম)//এনএস[/b]