পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ও চাকরির বয়সসীমা ৬৭ বছর করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।

রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে শিক্ষকেরা বলেন, বাংলাদেশের পার্শ্ববর্তী বিভিন্ন দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল থাকলেও এ দেশে তা নেই। দেশের সবচেয়ে মেধাবীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় আসেন। কিন্তু তাঁদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল না থাকায় তাঁরা এ পেশা থেকে দিন দিন দূরে সরে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমার পাণ্ডের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সভাপতি অধ্যাপক কামরুল হাসান মজুমদার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম সরকার, জালাল উদ্দিন, আবদুর রাজ্জাক প্রমুখ।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ