এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কর্তৃক ‘টেকসই উন্নয়নে নৈতিক মূল্যবোধ’ শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুপ্রতিষ্ঠিত শিক্ষাবিদ, বিশেষজ্ঞ শিক্ষক ও গবেষকগণ অংশগ্রহণ করেন।
রাজধানী ঢাকার লা মেরিডিয়ান হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া কোনোভাবেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই টেকসই উন্নয়নের জন্য সকল পর্যায়ে নৈতিক শিক্ষার প্রয়োগ অপরিহার্য।
সম্মেলনের প্রধান বক্তব্য উপস্থাপন করেন মালয়েশিয়ার প্রফেসর দাতো ড. চে মুসা চে ওমর। তিনি এ ধরনের একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করায় এইউবি কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন এবং টেকসই উন্নয়নের জন্য নৈতিকতা ও মূল্যবোধের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রফেসর সাদেক উল্লেখ করেন যে, এইউবি এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতাসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলার সকল উপকরণ রয়েছে। এই সম্মেলনে পঞ্চাশেরও বেশি প্রবন্ধ উপস্থাপিত হয়। এছাড়া একটি আন্তর্জাতিক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, প্রফেসর দাতো চে মুসা চে ওমর, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আব্দুল মাজিদ খান, উইমেন্স কলেজ শিলং-এর ড. সুমানা পাল, মাইসুর কর্ণাটিকার চিরসিয়া লা পিন্টু, এবং অনুষ্ঠানের প্রাজ্ঞ বক্তাগণের সম্মিলিত অভিমত হচ্ছে, শিক্ষাসহ সকল কর্মকান্ড নৈতিকতা ও মূল্যবোধের অনুশীলন ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সম্মেলন শেষে ‘ঢাকা ডিকলারেশন’ নামে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়, যাতে অংশগ্রহণকরীরা সম্মতিমূলক দস্তখত প্রদান করেন।
জোবায়ের/এমআর





