কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদলের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ৬ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সোমাবার ক্যাম্পাস পার্শবর্তী খুলনা-কুষ্টিয়া মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ঘোষিত গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সোমবার বেলা ১১ টার দিকে কালো পতাকা মিছিল বের করে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদের নেতৃত্বে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের থানা গেটে পৌছলে পুলিশ মিছিল লক্ষ করে টিয়ারসেল ও ফাকা গুলি ছুঁড়ে। এসময় বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারে অবস্থানরত বিএনপি কর্মীরা ছাত্রদলের সাথে যোগ দিলে পুলিশের উপর ইট পাটকেল ছুড়তে থাকে বিক্ষুব্ধরা। এময় পুলিশ পাল্টা টিয়ারসেল ও গুলি ছুড়লে সংঘর্ষ বেঁধে যায়। বিএনপি ও ছাত্রদলের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে টিকতে না পেরে পুলিশ পিছু হঠতে বাধ্য হয়। সংঘর্ষে ৬ পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বলেন, ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ অতর্কিতে হামলা চালিয়েছে। এতে আমাদের ১০/১২ জন নেতাকর্মী আহত হয়েছে। অবৈধ সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েমের পথে হাটতে শুরু করেছে। ছাত্র জনতা উপর গুলির ফলাফল ভয়াবহ হবে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, সামান্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির হোসেন জানান, রাস্তায় প্রতিবন্ধকতা তৈরী করায় পুলিশ বিশৃংখলাকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইট পাটকেলের আঘাতে ৬ পুলিশ সদস্য আহত হয়েছে।
কেকে/জেডআই





