রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষায় উল্লিখিত তিনটি বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশোধিত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন অনুসরণ করা হবে।

সংশোধিত কাঠামো অনুযায়ী, বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক অংশের “অনুবাদ” প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। অনুবাদের জন্য বরাদ্দ ১০ নম্বর এখন “সংবাদ প্রতিবেদন” প্রশ্নের জন্য যুক্ত করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। ওই অংশের ১০ নম্বর যোগ করে বহুনির্বাচনি প্রশ্নের মোট মান নির্ধারণ করা হয়েছে ২৫ নম্বর।

অন্যদিকে, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি—মোট ১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীদের যেকোনো একটি বিভাগ থেকে অন্তত ৪টি সহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায়ও বাংলা দ্বিতীয় পত্র, আইসিটি ও ফিন্যান্স-ব্যাংকিং বিষয়ে এই নতুন প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন অনুসারে প্রশ্ন তৈরি করতে হবে। বিষয়টিকে “অতীব জরুরি” হিসেবেও উল্লেখ করা হয়েছে।

এনএইচ