উপাচার্যের নির্দেশনা উপেক্ষা করে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন অন্তত চার শতাধিক শিক্ষক।

বিশ্ববিদ্যালয়ের রবিন্দ্র কলা ভবনের ৩৬৮ নম্বর কক্ষে বুধবার সন্ধ্যায় সাদাদল ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যেবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদাদল) আহ্বায়ক অধ্যাপক শামসুল আলম সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

শীতকালীন ছুটি ও দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ১ জানুয়ারি থেকে রাবি’র সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হয়। ক্লাস-পরীক্ষা চালু রাখতে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন সোমবার বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন ও সভাপতির সঙ্গে বৈঠক করেন। সেখান থেকেই ক্লাস, পরীক্ষা চালু রাখতে সকল শিক্ষককে নির্দেশনা দেওয়ার দুদিন পর এমন সিদ্ধান্ত নিলেন এ শিক্ষকরা।

ফলিত গণিত বিভাগের অধ্যাপক শামসুল আলম সরকার জানান, সাদাদল ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অন্তত চার শতাধিক শিক্ষক বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। দেশের চলমান হরতাল-অবরোধের কারণে যেহেতু শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপদে আসতে পারছে না, তাই তাদের নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষকদের এই নেতা আরও জানান, কোনো রাজনৈতিক উদ্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করব।

এএইচ