খাবারে তেলাপোকা পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ হবিবুর রহমান হলের ক্যান্টিনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
হলের একাধিক বিক্ষুদ্ধ শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আমাদের কাছ থেকে খাবারের মূল্য বেশি নিয়ে শিক্ষার্থীদের খুবই নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। খাবারে বিভিন্ন সময় তেলাপোকা, মাছি, টিকটিকির লেজ, পাথরসহ নানা ধরণের ময়লা আবর্জনা পাওয়া যায়।
শিক্ষার্থীরা আরো বলেন, যেসব প্লেটে খাবার দেয়া হয়ে থাকে সেগুলো ভাঙ্গা ও নোংরা অবস্থায় থাকে। আর এ বিষয়ে ক্যান্টিন পরিচালক আলতাফ হোসেনকে আভিযোগ করলে তিনি বলেন, ‘এটা তোমাদের ভাগ্য’। বিভিন্ন সময় খবারের মান নিয়ে কিছু বলতে গেলে খুব খারাপ ব্যবহার করেন।
এদিকে বুধবার রাতে খাবারের মধ্যে তেলাপোকা পেয়ে শিক্ষার্থীরা ক্যান্টিনে তালা ঝুলিয়ে হলের বাহিরে বিক্ষোভ করেন।
ইনফরেমেশন এন্ড সায়েন্স এণ্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট পারভেজ ও ইংরেজী বিভাগের শিক্ষার্থী গুফরান অভিযোগ করে আরো বলেন, বুধবার সন্ধ্যায় হলের ক্যান্টিনে খাবার খেতে গেলে খাবারে তেলাপোকা পাই।
এ বিষয়ে ক্যান্টিন মালিককে জানালে তিনি আমাদের সাথে খারাপ আচারণ করেন। এরকম খাবার খেয়ে আমরা কয়েকবার অসুস্থ্যও হয়ে পড়েছি।
এ ব্যাপারে শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এসএম একরাম উল্যাহ বলেন, আমি হলে গিয়েছিলাম। বিষয়টি মীমাংসার জন্য ক্যান্টিন পরিচালক ও শিক্ষার্থীদের বৃহস্পতিবার সকাল ১০টার সময় আমার রুমে আসতে বলেছি।
এআর





