ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাব এলাকার সামনে ‘মুখোশধারী’ মোটরসাইকেল আরোহীর গুলিতে মনিরুজ্জামান মাসুম (৩০) নামের যুবক আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মুখোশধারীর ছোড়া গুলি মাসুমের ঊরুতে বিদ্ধ হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন মাসুম সাংবাদিকদের জানান, তিনি ঢাবির সমাজকল্যাণ বিভাগ থেকে পাস করেছেন। তাঁর ভ্রমণবিষয়ক একটি প্রতিষ্ঠান আছে। আজ দুপুরে নিজ প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আবদুল্লাহকে মোটরসাইকেলে নিয়ে ঢাবি এলাকায় এসেছিলেন।

পথে দুটি মোটরসাইকেলে করে চারজন তাঁদের গতিরোধ করে। একপর্যায়ে ওই চারজনের মধ্যে একজন তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে গুলিটি তাঁর স্মার্টফোন ভেদ করে তাঁর ঊরুতে লাগে।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ ব্যক্তি তাঁদের জানিয়েছে, পূর্ব শত্রুতার জেরে তাঁকে গুলি করা হতে পারে। তবে এটা ছিনতাইয়ের ঘটনাও হতে পারে। দুটি বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।

এমবি