তিন দশক পর নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
ডাকসুর সংশোধিত গঠনতন্ত্র অনুসারে ভোটগ্রহণ হবে হলগুলোতে; আর প্রার্থী ও ভোটার হতে পারবেন ৩০ বছর বয়সের মধ্যে থাকা স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি এমফিলের শিক্ষার্থীরাও।
আজ (২৯ জানুয়ারি) মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় সংশোধিত গঠনতন্ত্র অনুমোদিত হয়।
গঠনতন্ত্র সংশোধনে ডাকসুর কয়েকটি পদেও পরিবর্তন এসেছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান জানিয়েছেন। পদাধিকার বলে ডাকসুর সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান নির্বাচনের জন্য আগামী ১১ মার্চ ইতোমধ্যে দিন ঠিক করেছেন।
আদালতের নির্দেশে ডাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়ার পর ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করেছিলেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
গত ২১ জানুয়ারির ওই বৈঠকে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ ও তাদের মিত্র সংগঠনগুলো আগের মতোই হলগুলোতে ভোটকেন্দ্র স্থাপনের পক্ষে অবস্থান জানিয়েছিল। অন্যদিকে তার বিরোধিতা করে ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনগুলো একাডেমিক ভবনগুলোতে ভোটকেন্দ্র স্থাপনের দাবি জানায়। তবে নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি এমফিল শিক্ষার্থীদের ভোটার করার ক্ষেত্রে সব ছাত্র সংগঠনগুলোই সহমত প্রকাশ করেছিল।
এইসব মতামত নিয়ে আজ (২৯ জানুয়ারি) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সভায় বসে সিন্ডিকেট। ১৮ সদস্যের সিন্ডিকেটের ১৬ জনের সদস্যের উপস্থিতিতে গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জনের প্রস্তাবাবলি অনুমোদিত হয় বলে রেজিস্ট্রার এনামুজ্জামান জানান।
রেজিস্ট্রার সাংবাদিকদের বলেন, “যে সব শিক্ষার্থী স্নাতক, সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অনার্স, মাস্টার্স ও এমফিল পর্যায়ে অধ্যয়নরত এবং যারা বিভিন্ন হলে আবাসিক-অনাবাসিক শিক্ষার্থী হিসেবে সংযুক্ত রয়েছেন এবং নির্বাচনের তফসিল ঘোষণার তারিখে যাদের বয়স কোনোক্রমেই ৩০ বছরের বেশি হবে না, কেবল তারাই ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার হতে পারবেন।”
তিনি বলেন, ৩০ বছরের ঊর্ধ্বের শিক্ষার্থীরা যে কোর্সেই অধ্যয়ন করুক না কেন, তারা ভোটার হতে পারবেন না। ভোটার হওয়ার যোগ্যতা যাদের রয়েছে, তারা প্রার্থীও হতে পারবেন বলে জানান রেজিস্ট্রার।
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কারা ভোটার হতে পারছেন না, তাও জানান তিনি। “যারা সান্ধ্যকালীন বিভিন্ন কোর্স, প্রোগ্রাম, প্রফেশনাল, এক্সিকিউটিভ, ডিপ্লোমা, এমএড, পিএসডি, বিবিএ, ল্যাঙ্গুয়েজ কোর্স, সার্টিফিকেট কোর্স অথবা এ ধরনের অন্যান্য কোর্সে অধ্যয়নরত আছেন তারা ভোটার হতে পারবেন না।”
সরকারি-বেসরকারি অথবা দেশে বা বিদেশে যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষার্থী ভোটার হতে পারবেন না। অধিভুক্ত বা উপাদানকল্প কোনো কলেজের কোনো শিক্ষার্থীও ভোটার হতে পারবেন না।
ভোটকেন্দ্রের বিষয়ে সিন্ডিকেটের সিদ্ধান্ত জানিয়ে এনামুউজ্জামান বলেন, “গঠনতন্ত্রের প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট আবাসিক হলেই ভোটকেন্দ্র স্থাপন করা হবে।”
এই নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমানকে প্রধান রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সহায়তার জন্য আরও পাঁচজনকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
নির্বাচনের জন্য ৭ অধ্যাপকের সমন্বয়ে একটি 'আচরণবিধি কমিটি'ও গঠন করা হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী ১১ মার্চ সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলবে।
সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল তিন দশক আগে; ১৯৯০ সালের পর আর নির্বাচন হয়নি।
এমবি





