রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের তৃতীয় দিনের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আরো দুই পরীক্ষার্থীকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
আটককৃতরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমরান আলী এবং ঢাকার তেজগাঁও কলেজের নেচার আহমেদ। নেচার আহমেদের বাড়ি নেত্রকোণার ঝিনাইগাতি উপজেলায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জানান, মঙ্গলবার সকাল ১টা থেকে ২টায় ই ইউনিটের (বিজোড়) পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের ৪২৬-ডি নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিল ইমরান আলী।
সে সাকিব ফেরদৌস নামের এক ভর্তিচ্ছুর পক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করে। এসময় দায়িত্বরত পরিদর্শক বিষয়টি সনাক্ত করে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন।
অপর পরীক্ষার্থী নেচার আহমেদ একইভাবে সকাল ১টা থেকে ২টায় ই ইউনিটের (বিজোড়) পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের ২৮০ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিল।
সে আশিক রহমান নামের এক ভর্তিচ্ছুর পক্ষে পরীক্ষায় অংশগ্রহণ করে। এসময় দায়িত্বরত পরিদর্শক বিষয়টি সনাক্ত করে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন।
পরে তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নিরাপত্তার জন্য নির্মিত পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিরুল ইসলাম ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ইমরান আলী ও নেচার আহমেদকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ভ্রাম্যমান আদালতে দ-প্রাপ্ত ওই দুই পরীক্ষার্থীকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এসএইচ





