ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষী গাছ কেটে বিশ্ববিদ্যালয়ের জমিতে ২২ তলা বিশিষ্ট পুলিশ কোয়ার্টার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাবি পরিবেশ সংসদ।
মঙ্গলবার রাজু ভাস্কর্যের সামনে পরিবেশ সংসদ এ মানববন্ধন করে।
এ সময় পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান, গ্রিন বেল্ট ট্রাস্টের মহাপরিচালক জসিম পাটোয়ারীসহ ঢাবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আবু নাসের খান বলেন, অবৈধভাবে এভাবে গাছ কাটা পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘন। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্বশাসন আইনের লঙ্ঘন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সভাপতি সাব্বির হাসান পুলিশের ভবন নির্মাণের বিষয়টি সম্পূর্ণ অবৈধ দাবি করে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় এলাকা দিনদিন সংকুচিত করা হচ্ছে।
পুলিশ তাদের বহুতল ভবন নির্মাণ বন্ধ না করলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দুর্বার আন্দোলন দিয়ে এটি ঠেকাবেন বলে হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি।
ঢাবি শিক্ষার্থী সাইদ সিদ্দীকি বলেন, প্রতিটি শতবর্ষী গাছ একেকটি ইকোসিস্টেম। তার ওপর নির্ভর করে পাখিসহ পরিবেশ ভালো থাকত। কিন্তু এ গাছ কেটে পুলিশ জঘন্য অপরাধ করেছে।
পরিবেশ সংসদের প্রতিষ্ঠাতা শাহীন রেজা রাসেল বলেন, ঢাকা শহরের অন্যান্য এলাকা থেকে ঢাবি এলাকার তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে। এর মূল হলো গাছ। কিন্তু এ গাছের ওপর হামলা মানে বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বের ওপর হামলা।
এমআইএস।





