রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. শফিউল ইসলাম হত্যার প্রতিবাদে শিক্ষক সমিতির ডাকা কর্মসূচির অংশ হিসেবে ক্লাস এবং পরীক্ষা বর্জন চলছে।
জুবিরী হলে জরুরী সভাশেষে রবিবার সন্ধ্যায় এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. প্রণব কুমার পান্ডে।
প্রণব কুমার পান্ডে বলেন, ‘সোম ও মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী এক সপ্তাহ শিক্ষক সমিতির পক্ষ থেকে শোক পালন করা হবে। ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর জিরোপয়েন্টে মানববন্ধন করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।’
তিনি বলেন, ‘১৫ দিনের মধ্যে ড. শফিউল হত্যার চার্জশিট জমা না দিলে শিক্ষক সমিতির পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
এদিকে অধ্যাপক শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের পক্ষ থেকেও তিনদিনের শোক কর্মসূচি পালন ও ক্লাস-পরীক্ষা বর্জন ঘোষণা দেওয়া হয়েছে।
সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি ওয়ারদাতুল আকমাম রবিবার দুপুরে বিভাগীয় কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, ‘নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনায় বিভাগের পক্ষ থেকে রবিবারসহ তিনদিনের শোক কর্মসূচি পালন করা হবে। তিনদিনের শোক চলাকালে বিভাগের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। সোমবার ও মঙ্গলবার সকাল ১১টায় হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।’
এ ছাড়া হত্যার ঘটনায় আইনি পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিভাগের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, শনিবার বিকেলে বাসায় ফেরার পথে নগরীর বিহাস এলাকায় দুর্বৃত্তরা শিক্ষক ড. শফিউলকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। পরে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এএইচ





