রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে অসদাচরণ করার দায়ে জাহিদুর রহমান নামে এক প্রাক্তন ছাত্রকে আটক করেছে মতিহার থানা পুলিশ।
শুক্রবার আড়াইটার দিকে হাবিবুর রহমান হলে এ ঘটনা ঘটে। জাহিদুর রহমানের বাড়ি তালাইমারী এলাকায়। সে বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে পরিসংখ্যানে মাস্টার্স শেষ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হবিবুর রহমান হলের আবাসিক ছাত্র ও পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জুয়েল রানা দিনের বেলা হল থেকে বের হয়ে প্রতিদিন গভীর রাতে হলে ফিরতো। বৃহস্পতিবার রাত ২টার দিকে হলে ফেরার সময় গেটে দায়িত্বরত পুলিশ তাকে রাতে ফেরার কারণ জিজ্ঞাসা করলে সে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে। পরে সে রুমে চলে যায়।
এর জের ধরে জুয়েল শুক্রবার জুমার নামাজের পর তার বন্ধু মতিউর রহমান ও জাহিদুর রহমানকে নিয়ে তাকে কেন হলে ঢুকতে বাধা দেয়া হয়েছে পুলিশের কাছে এর কারণ জানতে চায়। এক পর্যায়ে তিনজন মিলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে ও খারাপ আচরণ করে। পরে হলের গেটে দায়িত্বরত পুলিশ মতিহার থানায় খবর দিলে জাহিদুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়।
মতিহার থানার অফিসার ইন চার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, আটক জাহিদ হবিবুর রহমান হলের গেটে দায়িত্বরত পুলিশের সঙ্গে খারাপ আচরণ করেছে। তাই আমরা তাকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবদের পরে ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।
কেএইচ





