পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু‘গ্রুপ ও কর্মচারীদের সঙ্গে ত্রি-মুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ দুপুর সাড়ে ১২টায় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক সমর্থক এবং কর্মচারীদের মধ্যে এই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সালমান হোসেন (৩৫) নামের এক কর্মচারী আহত হয়েছেন।
পাবিপ্রবি‘র ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি শাহেদ সাদেকী শান্ত গ্রুপের সঙ্গে সম্পাদক ওলিউল্লাহ গ্রুপের সমর্থকদের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে বিষয়টি নিয়ে ল্যাব সহকারী সালমান পক্ষ নিয়ে কথা বলতে গেলে সংঘর্ষের সুত্রপাত ঘটে। এ সময় ছাত্রলীগ নেতারা কর্মচারী সালমানকে মারধর করে। সহকর্মীকে মারধর করার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতাদের উপর হামলা চালায়।
এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে সভাপতি-সম্পাদক-কর্মচারী ত্রিমুখী সংঘর্ষে বাধে। ত্রিমুখি ধাওয়া পাল্টা ধাওয়ায় ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লা আল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রলীগের সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের ঝামেলা হয়েছিল। বিষয়টি সমাধান হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা চলছে বলে স্থানীয় সুত্র জানান।
এমই





