ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্যা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় হলের ২৪০ ও ৪৫৪ নম্বর রুম সিলগালা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার বিকালে হল তল্লাশির করে ২০টি ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র পাওয়ায় ওই রুম দুইটি সিলগালা করে কর্তৃপক্ষ।
হল প্রভোস্ট অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন,দেশীয় অস্ত্র পাওয়ায় ওই রুমগুলো সিলগালা করা হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, দুপুর আড়াইটার দিকে ওয়াশ রুমে প্রবেশ করাকে কেন্দ্র করে হল শাখা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসাইন এবং সাধারণ সম্পাদক আরেফিন সিদ্দিক সুজন গ্রুপের ১ম বর্ষের শিক্ষার্থীদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এতে অন্তত ৭ জন ছাত্রলীগ কর্মী আহত হয়।
সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন,বেলাল,শাহাদাত,আবু সাঈদ,ইকবাল,নাহিদ,নাঈম ও মনির। এরা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী।  
সংঘর্ষের সময় ছাত্রলীগের নেতারা হলে বেশ কয়েকটি ককটেল ফোঁটায়। পরে হল প্রভোস্ট ও প্রক্টর এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তাদের সামনেই পুলিশ হল তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় হলের ৪৫৪ নম্বর রুম থেকে ২০টি ককটেল উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান,জুমার নামাযে যাওয়ার জন্য সূর্যসেন হল ছাত্রলীগ সভাপতি মোবারক হোসেন গ্রুপের নাহিদ নামের এক শিক্ষার্থী ওযু করতে ওয়াশ রুমে যান। এ সময় ওয়াশরুমের ভেতরে ছিলেন সুজন গ্রুপের বেলাল। বেলাল ওয়াশরুম থেকে বের হতে দেরী হওয়ায় নাহিদ তার দরজায় ধাক্কা দেন। এ নিয়ে দুই জনের মাঝে কথা কাটাকাটি হয়।
পরে জুমার নামায শেষে বেলাল তার গ্রুপের কয়েকজনসহ জসিম উদ্দিন হলে খেতে এলে নাহিদ তার গ্রুপের ২০-২৫জন নিয়ে লাঠি সোঠা হাতে তার ওপর চড়াও হন। এ সময় দুই গ্রুপের মাঝে সংঘর্ষে অন্তত সাত জন আহত হয়েছেন। এদের মাঝে নাহিদ,বেলাল ও ইকবাল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।  
এ বিষয়ে কথা বলতে সূর্যসেন হল সভাপতি মোবারক হোসেনকে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। হল সাধারণ সম্পাদক আরেফিন সিদ্দিক সুজন বলেন,ভুল বোঝাবুঝি নিয়ে জুনিয়রদের মাঝে সামান্য মারামারি হয়েছে। এরা আসলে ছাত্রলীগের কেউ না।  
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন,হল তল্লাশি করে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী বলেন,কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেজন্য হল তল্লাশি করা হয়েছে। ২০টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]