রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিচ্ছে না বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক গ্রুপ সাদা দল। শনিবার সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. শামসুল আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা, দলীয় ভিত্তিতে শিক্ষক নিয়োগ, ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা এবং প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তিকে অতিথি হিসেবে আমন্ত্রন না করায় এ সিদ্ধান্ত নেয় দলটি।
অধ্যাপক ড. শামসুল আলম সরকার বলেন, ‘উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ও দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তিকে অতিথি রাখা হয়নি। এর ফলে এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ কারণে আমরা গত ২৩ জুন সংগঠনের জরুরি সভায় প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
অনুষ্ঠানে যোগ না দেয়ার কারণ হিসেবে তিনি আরও বলেন, ‘বর্তমান প্রশাসনের সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কোন সুষ্ঠু পরিবেশ নেই। ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, আবাসিক হলগুলোতে প্রশাসনের ছত্রছায়ায় ছাত্রলীগের সিট বাণিজ্য, সরকারদলীয় ছাত্র সংগঠন ব্যতীত অন্য কোন ছাত্রসংগঠন ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না।’
প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে এ সকল সমস্যা সমাধানের কোন আশ্বাস না দেয়ায় আগামীকালের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাদাদলের অংশ গ্রহন থাকছে বলে জানান তিনি।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





