রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে গভীর রাতে তল্লাশি চালিয়ে শিবিরের লিফলেটসহ পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে এ তল্লাশি শুরু করে মতিহার থানা পুলিশ।
আটককৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের আব্দুল্লাহ আল গালিব, ফোকলোর বিভাগের তৃতীয় বর্ষের শামীম রহমান ও ইসলাম শিক্ষা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এনামুল হক।
তাদের সবাইকে শহীদ হবিবুর রহমান হলের দুটি কক্ষ থেকে আটক করা হয়। তবে অন্য দু’জনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
মতিহার থানার অফিসার ইন চার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, শিবিরের নেতাকর্মী ক্যাম্পাসে নাশকতা সৃষ্টি করতে পারে এমন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা, শহীদ জিয়াউর রহমান ও শহীদ হবিবুর রহমান হলে তল্লাশি চালানো হয়। এসময় জিয়াউর রহমান হল থেকে দু’জন ও হবিবুর রহমান হল থেকে ৩ জনকে আটক করা হয়।
ওসি আরো বলেন, রাত সাড়ে ১২টার দিকে জোহা হলে তল্লাশি শুরু করা হলেও সেখান থেকে কিছু উদ্ধার বা কাউকে আটক করা হয়নি। এরপর পর্যায়ক্রমে জিয়া ও হবিবুর হলে তল্লাশি চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়। এসময় তাদের থেকে শিবিরের লিফলেট উদ্ধার করা হয়। আটককৃতদেরকে এখন মতিহার থানায় রেখে জিজ্ঞাসাবদ করা হচ্ছে।
কেএইচ





