রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন বুধবার দুপুর ১২টা ১মিনিট থেকে শুরু হয়েছে।

গত ২৫ আগস্ট থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের তারিখ নির্ধারিত ছিল। অনিবার্য কারণে ২৫ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট দুপুর ১২টা থেকে ভর্তির আবেদনপত্র গ্রহণের তারিখ নির্ধারিত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন জানান, আবেদনকারীকে রাবির ওয়েবসাইট (www.ru.ac.bd)অথবা(http://admission.ru.ac.bd) এবং বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্যাদি জানতে পারবে।

বিজ্ঞপ্তি অনুযায়ি টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএম (SMS) করে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে জানা যায়, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত এসএসসি/সমমান এবং ২০১৩ ও ২০১৪ সালের এইচএসসি/সমমান, আলিম, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার টেকনোলজি), ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার,

বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের এসএসসি (ভকেশনাল) ও এইচএসসি (ভকেশনাল), ও (ঙ) লেভেল ও এ (অ) লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।

মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫ সহ মোট জিপিএ ৭.৫ পেতে হবে। বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ ছাত্র/ছাত্রীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৪.০০ সহ মোট জিপিএ ৮.৫ পেতে হবে।

বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।

ও (ঙ) লেভেল এবং এ (অ) লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে ও (ঙ) লেভেলে ৫টি বিষয়ে এবং এ (অ) লেভেলে ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট ৭টির মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে বি (ই) ও ৩টি বিষয়ে কমপক্ষে সি (ঈ) গ্রেড পেতে হবে। ভর্তি পরীক্ষায় তাদের পৃথক প্রশ্নপত্র থাকবে।

আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া ইউনিট ও বিভাগ কর্তৃক আরোপিত শর্তও প্রযোজ্য হবে।

ভর্তি পরীক্ষা ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও আসন বিন্যাসসহ সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। ভর্তি সংক্রান্ত সব তথ্য ভর্তিচ্ছুদের নিজ দায়িত্বে জেনে নিতে হবে।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর