শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় স্থাপিত মোট ২৭টি কোরবানির পশুর হাটে প্রাথমিক চিকিৎসাসেবা দিতে বাকৃবির ১৫ সদস্যবিশিষ্ট ৬টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে।
এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় রয়েছে ১১টি এবং উত্তর সিটি করপোরেশনের আওতায় রয়েছে ১৬টি পশুর হাট। মেডিকেল টিমগুলো হাটে থাকা অসুস্থ ও দুর্বল গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি পশুর সঠিক পরিচর্যা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে ক্রেতা ও বিক্রেতাদের পরামর্শ দিচ্ছেন।
রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠের পশুর হাটে দায়িত্ব পালনকারী বাকৃবির শিক্ষার্থী ডা. আসিফ ইকবাল বলেন, ঈদ উপলক্ষে হাটগুলোতে বিপুল সংখ্যক গবাদিপশু আসায় অনেক ক্ষেত্রে প্রাণীর স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। এ কারণে মাঠপর্যায়ে উপস্থিত থেকে পশুগুলোর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সুস্থ পশু নিশ্চিত করা এবং কোরবানির জন্য উপযুক্ত প্রাণী নির্বাচন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।
প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩ হাজার ৬০০টির বেশি অস্থায়ী ও স্থায়ী পশুর হাট বসানো হবে। এসব হাটে দায়িত্ব পালন করবে প্রায় দুই হাজার মোবাইল ভেটেরিনারি টিম।
এর আগে গত ২১ মে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবা কার্যক্রম বিষয়ে একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। এতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএম