ঢাবির অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের টিয়ারশেলে আহত তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুরের চোখের আলো অস্ত্রোপচারেও ফিরবে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আজ সোমবার চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে সিদ্দিকুর রহমানের চোখ পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসক লিঙ্গম গোপাল।

পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক লিঙ্গম গোপাল জানান, অস্ত্রোপচার করেও কিছু হবে না।  সিদ্দিকুর রহমানের বন্ধু, সহপাঠী শেখ ফরিদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে সিদ্দিকুরের বড় ভাই নায়েব আলীর সঙ্গে কথা বলে এ তথ্য জেনেছেন বলে দাবি করেন শেখ ফরিদ।

এদিকে চোখ আর ভালো হবে না জেনে সিদ্দিকুর ও তার ভাই ভেঙে পড়েছেন বলেও জানান ফরিদ।

ঢাকায় অস্ত্রোপচারের পর সিদ্দিকুর রহমান তাঁর ডান চোখে কোনো আলো দেখছিলেন না। বাঁ চোখে এক দিক থেকে আলো ফেললে আলোর উপস্থিতি টের পাচ্ছিলেন। বাঁ চোখের অবস্থা কি তা জানতেই সিদ্দিকুরকে চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা জানালেন, অস্ত্রোপচারেও কিছু হবে না।

উল্লেখ্য, এর আগে ২০ জুলাই রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাবির অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা চালায় ও টিয়ারশেল ছোড়ে। এসময় টিয়ারশেলের আঘাতে আহত হন সিদ্দিকুর।

পরে তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকেরা সিদ্দিকুরের ডান চোখ নষ্টের খবর দেন। তবে বাম চোখ বেঁচে যাওয়ার আশাবাদ জানিয়েছিলেন।

এমবি