চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয়ে গত রোববার ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে গোলাগুলি, ককটেল বিষ্ফোরণ ও পেট্টল বোমা উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

মামলায় বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ১০৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০/১২০ জনকে আসামী করা হয়েছে। তবে, কোনো ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়নি।

সোমবার রাতে হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হাকিম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

হাটাহাজারী থানার অফিসার ইন চার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে সকলেই শিবিরের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে গোলাগুলি, ককটেল বিষ্ফোরণ, পেট্টল বোমা উদ্ধার ও সরকারি কাজে বাধাদানের অভিযোগ আনা হয়েছে।

মামলাটি তদন্তের জন্য উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত রোববার ছাত্রলীগের মানবন্ধনের ছবি তোলার সময় এক শিবির কর্মীকে পিটুনির জের ধরে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ব্যাপক গোলাগুলি ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ