৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।
আজ (২৩ জুলাই) মঙ্গলবার সকালে আন্দোলনের তৃতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।
তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
গতকাল (২২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানালেও শিক্ষার্থীরা তাতে সাড়া দেয়নি। তারা ৭ কলেজের অধিভুক্তি বাতিল নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের লিখিত স্টেটমেন্ট দাবি করেছে।
আন্দোলনকারীরা বলেন, আমরা ৪ দফা দাবিতে আন্দোলনে নামলেও এখন এক দফা দাবি- ৭ কলেজের অধিভুক্তি বাতিল। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবো না।
আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া বলেন, আজও শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেছে। সকল একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে তারা বিক্ষোভ করছে। আমাদের এই আন্দোলনে শিক্ষকদের মৌন সমর্থন রয়েছে।
৭ কলেজ নিয়ে স্থায়ী সমাধান ও বিশ্ববিদ্যালয় ক্লাস-পরীক্ষা নির্বিঘ্নে চালুর দাবিতে আজ দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ ও ভিসিকে স্মারকলিপি দেয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।
এমবি





