বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুশীলন নাট্যদলের তিনযুগ পূর্তি উৎসব পালিত হয়েছে। অনুশীলন নাট্যদল ও অনুশীলন প্রাক্তনী'র যৌথ উদ্যোগে এ উৎসব পালন করা হয়।
শনিবার সকালে রাকসু ভবনের সামনে এ উৎসবের উদ্বোধন করেন প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাকসু ভবনের সামনে থেকে অনুশীলন নাট্যদলের পক্ষ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
তিনযুগ পূর্তি উৎসব উপলক্ষে অনুশীলন নাট্যদলের নাট্যকর্মীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী নাট্য প্রদর্শন করা হয়।
পরে সন্ধ্যা সাড়ে ৬টার নাট্যদলের শেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দ্র মজুমদার ও প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক।
এসময় অতিথিদের ফুলের তোড়া ও উৎসব স্মারক প্রদানের মাধ্যমে অনুশীলন প্রাক্তনী নাট্যদলের সদস্যরা শুভেচ্ছা প্রদান করেন।
এছাড়াও রাবিতে নাট্যচর্চায় বিশেষ অবদানের জন্য আবু হোসেন (৬৫) নামে ক্যাম্পাসের এক হোটেল মালিককে ৩৫ হাজার টাকার চেক প্রদান করেন অনুশীলন প্রাক্তনী নাট্যদলের সদস্যরা।
অনুষ্ঠানে রামেন্দ্র মজুমদার তার বক্তব্যে বলেন, ‘দেশ স্বাধীন হবার পর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবার ইচ্ছে ছিলো। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তির কারণে তা হয়ে ওঠেনি। আজো তারা সক্রিয়।
তিনি আরও বলেন, পাকিস্তানী আমলে যতটুকু সাম্প্রদায়িকতা বিরাজমান ছিলো তার চেয়ে এখন দশগুণ বৃদ্ধি পেয়েছে। এর মূল কারণই হলো রাজনীতিতে ধর্মের ব্যবহার। সাংস্কৃতি চর্চার মাধ্যমে সাম্প্রদায়িক চেতনার মূলোৎপাটন করতে হবে। এজন্য স্কুল পর্যায় থেকেই সাংস্কৃতিক চর্চার প্রয়োজন।
নাটক সম্পর্কে তিনি বলেন, নাটকের মাধ্যমে মানুষের নিকট কোনো সিদ্ধান্তের প্রয়োগ করা যায় না। নাটকের মাধ্যমে কোনো বিষয়ের উপর শুধু একটু ইঙ্গিত প্রদান করা যায়। সিন্ধান্ত নেবার দায়িত্ব দর্শকদের বা জনগণের।
পরে অনুশীলন নাট্যদলের নাট্যকর্মীদের অংশগ্রহণে ‘দণ্ড’ নাটক পরিবেশনা করা হয়। নাটকটির নির্দেশনা ও পরিচালনায় ছিলেন অধ্যাপক মলয় ভৌমিক।
এআর





