বাস ভাড়া নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২টি বাসসহ ৩টি বাস ভাঙচুর করা হয়।
জানা গেছে, দুপুরে বরিশাল নগরীর দপদপিয়ায় বিশ্ববিদ্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। আহত সুপারভাইজার আনোয়ার ও যাত্রী পারভিন শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সকালে পটুয়াখালী থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী লোকাল একটি বাসযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছিল। এসময় বাস ভাড়া আদায়কে কেন্দ্র করে বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে মোবাইল ফোনের মাধ্যমে জানান বাসে অবস্থানরত শিক্ষার্থীরা। খবর পেয়ে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সড়কে অবস্থান নেয়।
দুপুর ১২টায় বাসটি বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে শিক্ষার্থীরা ওই বাসসহ একটি বাসে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। এ সময় তারা বাসের সুপারভাইজারকে বাস থেকে নামিয়ে বেধড়ক মারপিট করে। এ ঘটনার পর বাস শ্রমিকরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার সড়কে বাস রেখে বরিশাল পটুয়াখালীসহ ১৯টি রুটের বাস চলাচল বন্ধ করে দেয়।
এক পর্যায়ে এক জোট হয়ে বাস শ্রমিকরা বিশ্ববিদ্যালয়েরে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাখা ২টি বাস ভাঙচুর করে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. গোলাম রউফ খান পিপিএম জানান, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টির স্থায়ী সমাধানের জন্য তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাস শ্রমিক নেতাদের নিয়ে বসবেন।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]