আহত শিক্ষার্থীর মৃত্যুর গুজবে ফার্মগেট-মিরপুর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এ কারণে রোববার সন্ধ্যায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আশপাশের রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটে হাজী পরিবহণের একটি বাসে উঠতে গিয়ে বাসের হেলপারের ধাক্কায় পড়ে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিনুর রহমান শাহিন। রাস্তায় পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায় শাহিন। তার সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীরা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে আজ ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে স্থানান্তর করে সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

রোববার সন্ধ্যায় শহীনের মৃতু্যর গুজব ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের ২নং গেইটের সামনের ফার্মগেট-মিরপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ ঘটনায় আশপাশের রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সেখানে গিয়ে শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে বলেন। রাত সাড়ে নয়টার দিকে শতাধিক শিক্ষার্থী অবরোধ তুলে নেন।

অপ্রীতিকর অবস্থা এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

শাহিন কৃষি অনুষদের প্রথম বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি ঠাকুরগাওয়ের পীরগঞ্জ থানার বাগমারা গ্রামে। দুই ভাই-বোনের মধ্যে সে বড়।

ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ। তিনি জানান, শাহিনকে হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে যা গুরতর বলে চিকিত্সকরা জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মোফাজ্জল হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।' বিশ্ববিদ্যালয়ের প্রধান দুটি গেইটে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে শেরেবাংলা নগর থানার ওসি মো. আব্দুল মুমীন জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃতু্যর গুজব ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা লাঠি ও রড নিয়ে ফার্মগেট-মিরপুর সড়কের রোকেয়া স্মরনীতে জড়ো হন। পরে রাতে অবরোধ তুলে নেয়।

ঢাকা, ৩০ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস