গত বছরের মার্চ থেকে বেতন পাচ্ছেন না রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক-কর্মচারীরা। বেতনের দাবিতে এবার আন্দোলনে নেমেছেন তারা।

আজ (০২ ফেব্রুয়ারি) মঙ্গলবার কলেজ থেকে বেরিয়ে রাস্তায় নেমেছেন দাবি আদায়ে শিক্ষকরা।

এর আগে গত শনিবার (৩০ জানুয়ারি) থেকে কলেজে অবস্থান নিয়েছিলেন তারা। আজ গভর্নিং বডির বৈঠক বাতিল হওয়ার পর আন্দোলনের অংশ হিসেবে শিক্ষকরা রাস্তায় নেমে বেতন-ভাতার দাবি জানাতে থাকেন।

জানা গেছে, শনিবার (৩০ জানুয়ারি) থেকে কলেজে অবস্থান নেন শিক্ষকরা। পরের দিন রোববার (৩১ জানুয়ারি) আন্দোলনরত শিক্ষকরা অধ্যক্ষের কক্ষ অবরুদ্ধ করেন। কলেজে শিক্ষকদের অবস্থান নেওয়ার পরিপ্রেক্ষিতে গভর্নিং বডি বৈঠক আহ্বান করেন। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকালে জরুরি বৈঠকে অধ্যক্ষ সভায় অংশ না নেওয়ায় সভাপতি বাতিল করেন।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, তাদের দাবি কলেজের গভর্নিং বডির কাছে তুলে ধরা হয়েছে। দাবি মানা না পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। কলেজে ১৪৫ জন শিক্ষক রয়েছেন। তাদের মধ্যে মাত্র ২৫ জন এমপিভুক্ত। বাকিরা মূলত কলেজের আয় থেকে বেতন পান। তবে তাদের ১০ মাসের বেতন না দেওয়া হলেও গত দুই মাস ধরে থোক বরাদ্দ থেকে কিছু টাকা দেওয়া হচ্ছে।

আন্দোলন চলাকালে দুপুরে কলেজিটির গভর্নিং বডির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শক বিভাগের অধ্যাপক ড. শাজাহান মিয়া বলেন, “আন্দোলন কোনও সমাধান নয়, তাই জরুরি বৈঠক আহ্বান করেছিলাম। কিন্তু অধ্যক্ষ অসুস্থ এবং অনেকে অনলাইনেও কানেক্ট হতে পারেনিনি। তাই কোরাম না হওয়ায় বৈঠক বাতিল করা হয়েছে। শিগগিরই আমরা আবার বৈঠকে বসবো। আমি চাই না কোনও শিক্ষক সমস্যার মধ্যে থাকুক।”

এমবি