রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মৌখিক পরীক্ষা চলাকালে তিন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
বৃস্পতিবার আনুমানিক দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্সে আইন অনুষদ ভুক্ত বি-ইউনিটের মৌখিক পরীক্ষা চলাকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃত পরীক্ষার্থীরা হলো কক্সবাজারের ফরহাদ হোসেন, পটুয়াখালীর সজীব এবং রাজশাহীর সুলতানাবাদ এলাকার নমাউল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, বি-ইউনিটের মৌখিক পরীক্ষার গ্রহনের সময় এই তিন পরীক্ষার্থীর হাতের লেখা ও ছবির সাথে কোন মিল পাওয়া যায়নি। এসময় পরীক্ষা গ্রহণকারী শিক্ষকরা তাদের ভুয়া পরীক্ষার্থী হিসেবে গণ্য করে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে হস্তান্তর করে। পরে তাদের মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম সামসুন নুর বলেন, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ঢাক, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর