ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসাথে রবিবার দুপুর ২টার মধ্যে কলেজের দুটি ছাত্রাবাসের সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন শান্ত গ্রুপ পরিচালিত দুটি সাংস্কৃতিক সংগঠন ‘স্ফুরণ’ ও ‘দ্য বিটসল’ শনিবার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি কাজে সহায়তা করছিলো। সহায়তার নামে সাধারণত ‘দলে মুরগিটানা’ চলে। এ সময় তাদের দুই পক্ষের কথা কাটাকাটি এবং দুপুর দেড়টার দিকে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমরা রবিবার সকালে কলেজ কর্তৃপক্ষ বৈঠক করেছি। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় কেউ নতুন শিক্ষার্থীদের ভর্তির কাজে সহায়তা করতে পারবে না।
এর মধ্যেই রবিবার সকালে ছাত্রলীগের দুই গ্রুপের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। তাই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কলেজের কার্যক্রম বন্ধ রাখা এবং ছাত্রদের হলত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সংঘর্ষে কেউ আহত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সংঘর্ষে ৫-৬ জন আহত হয়েছে। এর মধ্যে ১ জন হাসপাতালে ভর্তি আছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
এমকে





