ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিতব্য কামিল স্নাতকোত্তর পরীক্ষা ফের স্থগিত করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারী থেকে আসন্ন পরীক্ষা আগামী ৮ মার্চ থেকে পুনরায় শুরু হবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৭ ফেব্রুয়ারী থেকে দেশব্যাপী কামিল স্নাতকোত্তর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হরতাল-অবরোধের কারণে পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র বন্টন পুরোপুরি সম্পন্ন না হওয়ায় পরীক্ষা আবার স্থগিত করার এ সিদ্ধান্ত নেয়া হয়। স্থগিত হওয়া পরীক্ষা সমূহ ৮মার্চ থেকে যথারীতি শুরু হবে।
ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ আলী বলেন, হরতাল-অবরোধের কারণে দেশের সবকটি কেন্দ্রে উত্তর পত্র ও প্রশ্ন পত্র পৌছানো সম্ভব হয়নি। এছাড়া পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
এছাড়া এ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd থেকে জানা যাবে।
ইআর





