সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীর মৃত্যুতে সড়ক অবরোধের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত অন্তত ১০ জন।
আজ শনিবার বেলা পৌনে ১২টা থেকে জাবি শিক্ষার্থীরা মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে। বিকাল ৪ টা পর্যন্তু অবরোধ করে আসছিল।
পরে তাদের উঠিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। সংঘর্ষ চলাকালে পুলিশ শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল রাবার বুলেট নিক্ষেপ করেছে। এঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
গতকাল শুক্রবার ভোরে সাভার থেকে ক্যাম্পাসে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন দুই শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনাগ্রহের কারণেই ক্যাম্পাসে জানাজা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাখা ছাত্রলীগের নেতারা কয়েক দফা কথা বলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের রাস্তা থেকে সরাতে পারেনি।
এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গেটে পুলিশ চেকপোস্ট বসানো, জয় বাংলা (প্রান্তিক) গেটে ৭দিনের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণকাজ শুরু, আজকের মধ্যেই পর্যাপ্ত স্পিড ব্রেকার নির্মাণ, গতিসীমা নির্দিষ্ট করা, নিহত শিক্ষার্থীদের আত্মীয়দের যোগ্যতা অনুসারে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া, নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়াসহ নানা দাবি তুলে ধরেন।
উপাচার্য দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে লিখিত দাবির কাগজে সই করেন। কিন্তু এরপরও রাস্তা থেকে সরে যাননি শিক্ষার্থীরা। তাঁরা জানান, তাঁদের দাবির আগেও বিভিন্ন দুর্ঘটনায় এ রকম আশ্বাস দেওয়া হয়েছিল। তবে তার বাস্তবায়ন হয়নি। প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হলেই কেবল রাস্তা ছাড়বেন।
এমবি





