চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক সুপ্রভাত বাংলাদেশের চবি প্রতিনিধি কিংশুক পার্থকে হত্যার হুমকি দিয়েছে মো. তানভীর নামের এক ছাত্রলীগকর্মী।

ষোলশহর থেকে ছেড়ে আসা রাত পৌনে ৯টার শাটল ট্রেনে শনিবার এ ঘটনা ঘটে।

কিংশুক পার্থ বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের এবং ছাত্রলীগকর্মী মো. তানভীর মনোবিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছাত্রলীগকর্মী মো. তানভীর নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

কিংশুক পার্থ বলেন, আমি ষোলশহর থেকে ট্রেনে উঠেলে তানভীর বিনা কারণে আমাকে বগি থেকে নেমে যেতে বলে। আমি বগি থেকে না নামতে চাইলে সে আমার গলায় ছুঁরিঠেকিয়ে হত্যার হুমকি দেয়। এ সময় আমার সঙ্গে থাকা রাইজিংবিডির প্রতিনিধি মো. শরিফুল ইসলামকেও সে শারীরিকভাবে লাঞ্চিত করে। পরে আমি বিষয়টি প্রক্টর স্যারকে মৌখিকভাবে জানাই।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজন বলেন, খবরটি আমি শুনেছি। আজ রাতের মধ্যেই এর সমাধান করে দিবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত এটি এখনো চিহ্নিত করা যায়নি। আগামীকাল এটি দেখবো।

কেএইচ