ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) রুম দখলকে কেন্দ্র করে কবি জসীম উদ্দিন হল ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন আহত হয়।

রোববার (৫ মার্চ) রাতে হলের ৫২০ নম্বর রুমে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হলের ওই রুমে ফাঁকা সিটে নিজ গ্রুপের কর্মী উঠানো নিয়ে সংঘর্ষের সূত্রপাত। একটি সিট ফাঁকা হলে হল ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন তার অনুসারী একজনকে তোলেন।

পরে শাখা সাধারণ সম্পাদক শাহেদ খানও একই সিটে নিজের এক অনুসারীকে তুলতে চান। এ সময় নিজ অনুসারীকে উঠাতে না পেরে শাহেদের কয়েকজন কর্মী ওই রুমে থাকা সুমন নামে একজনকে মারধর এবং সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেয়।

হল ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন বলেন, আসলে তেমন কোন ঘটনা ঘটেনি। ৫২০ নম্বর রুমে সমঝোতার ভিত্তিতে এক সিট আমি ও অন্য সিট শাহেদ নিয়েছে। তারপর আমার সিটে আমি আগে থাকা সুমন নামের এক ছাত্রের সঙ্গে নতুন একজনকে দিতে চেয়েছি। তাই শাহেদের কর্মীরা রাতে গিয়ে সুমনকে মারধর করে।

তবে মারধরের বিষয় অস্বীকার করে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ খান বলেন, হলে সিট নিয়ে একটু সমস্যা হয়েছে। পরে কেন্দ্রীয় কমিটির এক নেতা বিষয়টি সুরাহা করে দিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি।

এমবি