ক্ষমতাসীন ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে কলেজ কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়ে বিকেল ৪টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে।
এর আগে দুপুরে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন শান্ত গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিচালিত দুটি সাংস্কৃতিক সংগঠন স্ফূরণ ও দ্যা বিটস। এই দুই সংগঠনের কর্মীদের মধ্যে শনিবার রাতে কথা কাটাকাটি হয়। রোববার সকালে বিষয়টি নিয়ে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসে।
এরপর সকাল সাড়ে ১১টায় একাডেমিক কাউন্সিলও এ নিয়ে জরুরি বৈঠক করে। বৈঠক চলাকালীন দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ। পরে কর্তৃপক্ষ কলেজ বন্ধ ঘোষণা করতে বাধ্য হন।
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এবিএম মাকসুদুল আলম বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
তেজগাঁও বিভাগের অতিরিক্তি উপপুলিশ কমিশনার (এডিসি) ওহিদুল ইসলাম বলেন, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওহিদুল ইসলাম।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ক্যাম্পাসে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসএইচ





