চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে শাটল ট্রেন অবরোধ করেছে ছাত্রলীগের একটি অংশ।

স্থানীয়দের সঙ্গে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন কনকর্ডের সদস্যদের সংঘর্ষের জের ধরে শনিবার সকাল সাড়ে ৭টায় এ অবরোধ করেছে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ষোলশহর থেকে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে শাটল ট্রেন ছাড়ার আগে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন কনকর্ড বগির কিছু সদস্যের সঙ্গে ষোলশহর এলাকার বাসিন্দাদের কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কনকর্ড বগির দুই সদস্য আহত হন। এ সময় আহত জিমেল ও মুকাদেছের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয় এলাকার কয়েক যুবক।

এ ঘটনার বিচার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে শাটল ট্রেন আটকে দেয় কনকর্ডের সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ জানান,তিনি ঘটনাটি শুনেছেন। সেখানে পুলিশ আছে। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর