ছাত্রাবাস থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (২১ ফেব্রুয়ারি) রোববার দুপুরে নগরীর মতিহার থানার কাজলা সংলগ্ন লোটাস ছাত্রাবাস থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
মতিহার থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাক্ষর সাহার (২৩) বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। তার পিতার নাম শপদ সাহা। সাক্ষর সাহা বিশ্ববিদ্যালয়ের সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের ১৫ তম ব্যাচের (সেশন-১৫-১৬) শিক্ষার্থী।
তার সহপাঠীরা জানান, রোববার সকাল হওয়ার পর থেকে সাক্ষ্যর কোনো সাড়া শব্দ না পেয়ে তাকে ডাকাডাকি শুরু করেন সহপাঠীরা। পরে দুপুরের দিকে দরজা ভেঙ্গে রুমে ঢুকলে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেন। তার পুরো শরীর ঠাণ্ডা হয়ে আছে দেখে তারা পুলিশকে খবর দেন।
মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, আমরা ইতোমধ্যে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তবে এটা স্বাভাবিক মৃত্যু বলেই আমরা ধারণা করছি।
এমবি





