ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মল চত্বরে ঢাবি শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয় প্রঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচি গ্রহণ করেছে।

বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান ছাত্ররা মিলেই এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে বলে জানিয়েছেন কর্মসূচির অন্যতম সংগঠক ঢাবির সাবেক শিক্ষার্থী ইবনুল সাঈদ রানা।

তিনি বলেন, ‘গত এপ্রিল মাসে আমরা (এসইএল ভলান্টিয়ার্সের ঢাবি শিক্ষার্থীরা) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে পরিচ্ছন্ন ও সবুজ করে তুলতে সিদ্ধান্ত নেই। তারই ধারাবাহিকতায় আমাদের সিদ্ধান্ত ভিসি স্যারকে জানানো হয়। তিনি আমাদের প্রস্তাবে সাড়া দিয়ে আমাদের কর্মসূচির উদ্বোধন করেন এবং সার্বিক সহযোহিতা প্রদানের আশ্বাস দেন।

এমন কর্মসূচি গ্রহণের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এর পরিবেশটাও হওয়া উচিত মনোরম। কিন্তু আমরা প্রায়ই দেখি এখানে-ওখানে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে। এগুলোর বেশির ভাগই ছাত্রদের অসতর্কভাবে ফেলা। আবার ঢাকার বাইরে থেকে যারা আসে তারাও ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরতে আসে। কিন্তু এসে দেখে এখানে বসার উপযুক্ত মাঠ নেই। এ সব বিষয় বিবেচনায় নিয়ে আমাদের পথচলা শুরু।’

ঢাবির শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘আমরা এসইএল ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী আব্দুল আওয়ালের আর্থিক সহযোগিতায় ও সার্বিক দিকনির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, ‘নিজেরাই বাগানে কাজ করি এবং অন্য ছাত্রদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গণসচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকি।’

এই কর্মসূচির সঙ্গে সার্বক্ষনিকভাবে জড়িত আছে হারেজ, কামরুল ইসলাম, সালমা খাতুন, লিমন, রেজাউল ইসলামসহ ঢাবির ৪০ জনেরও বেশি শিক্ষার্থী।

এসইএল ভলান্টিয়ার্সের সঙ্গে যুক্ত না অথচ এই কর্মসূচিতে কাজ করছেন মেহেদী। তিনি বলেন, ‘আমি স্বেচ্ছায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। কারণ আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সবাইকে আকৃষ্ট করুক।’

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ