আজ ২০ অক্টোবর ২০২০-মঙ্গলবার সকাল ০৯:১০ মিনিটে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন,বেলুন উড়িয়ে ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস- ২০২০ (১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী) এর শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ।

এরপর সকাল ০৯:৩০ টায় জবির প্রথম এবং একমাত্র ছাত্রী হল "বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল" এর শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।এসময় উপস্থিত ছিলেন "বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল" এর প্রভোস্ট অধ্যাপক ড.এস.এম.আনোয়ারা বেগম।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনষ্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ,রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ১০:৩০ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২০ উপলক্ষে জুম প্লাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান। এসময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি এবং কর্মকর্তা সমিতির সভাপতি বক্তব্য প্রদান করেন। এছাড়াও আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ জুম প্লাটফর্মের মাধ্যমে অংশগ্রহন করেন।

বেলা ১২:৩০ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২০ উপলক্ষে জুম প্লাটফর্মে সংগীত বিভাগ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এছাড়া আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ব্যবহারের জন্য ১২ আসন বিশিষ্ট দুইটি এসি মাইক্রোবাস ও জবি পরিবহন পুলের গাড়ি ড্রাইভার এবং বাস হেলপারদের জন্য বিশ্রামাগারের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

প্রতিবছর জাঁকজমকপূর্ণ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ,উদ্দীপনায় বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়।এই দিনটি ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বর্ণিল রঙে সাজানো হয়।শিক্ষক ও শিক্ষার্থীরা উৎসবের আমেজে মেতে উঠে।

এই বছর করোনা মহামারীর কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সীমিত পরিসরে দিবসটি উদযাপন করা হয়।যার কারণে শিক্ষার্থীদের মনে আক্ষেপ থেকে যায় ক্যাম্পাসে গিয়ে সবার সাথে বিশ্ববিদ্যালয় দিবসের আনন্দে মেতে উঠতে পারেনি বলে।

ঐতিহ্য,সংগ্রাম ও সফলতার সাথে পনেরো পেরিয়ে ষোলো বছরে পদার্পন করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শিক্ষার্থীদের চাওয়া দূর্বার গতিতে এগিয়ে যাক তাদের প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।


সোহেল/এএস