রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশনের এক নেত্রীসহ তিন ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে

এক বখাটেকে আটক করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠে এ ঘটনার সময় মামুনুর রশীদ নামে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী আটক করা হয়।

রাবি ছাত্র ফেডারেশনের অর্থ সম্পাদক তমাশ্রী দাস জানান, শনিবার রাত ৮টার দিকে তিনিসহ তিন ছাত্রী ও সংগঠনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠ দিয়ে হলে ফিরছিলেন।

এ সময় অতর্কিত ১০-১২ জন বখাটে তাদের ঘিরে ফেলে আপত্তিকর অঙ্গভঙ্গি করে এবং এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে।

এ সময় ছাত্রীরা চিৎকার করলে তারা দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় মামুনুর রশীদকে আটক করা হয়।

পরে রাবি ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা তাকে কাজলা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। সেখানে তার কাছ থেকে লিখিতভাবে স্বীকারক্তি ও অন্য বখাটেদের নাম জেনে নেয়া হয়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

অন্যদের মধ্যে ছিলো মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদুরুল আমীন, রশিদুল আমিন খান, কনক চন্দ্র পাল, মাধব, ইসমাত, সিদ্দিক ও চার ভর্তিচ্ছু শিক্ষার্থী সুজন, রুবেল, ইমরান ও সালাম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে অভিযোগ দেয়া হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে।’

এআর