অষ্টম জাতীয় পে-স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুর্নবহালের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার সমিতি ।

বুধবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাবি অফিসার সমিতির সভাপতি ডা. মাসিউল আলম হোসেন বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম নজরুল ইসলাম শেলী ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন অফিসার সমিতির সহ-সভাপতি জয়নুল আলম, সাংগঠনিক সম্পাতক বজলুর রশিদ, সমাজকর্ম শাখার সহকারী রেজিস্ট্রার মোজাফফর আলী, পরিক্ষা নিয়ন্ত্রকের উপ-রেজিস্ট্রার আলমগীর হোসেন, কেন্দ্রীয় গ্রন্থাগারের সেকশন অফিসার গোলাম কাউসার, চিকিৎসাকেন্দ্রের উপ-প্রধান চিকিৎসক শামীম হোসেন চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সদ্য ঘোষিত অষ্টম পে-স্কেলে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। ৭ম পে-স্কেলে আমাদেরকে এতোটা বঞ্চিত করা হয়নি।

সেই কারণে আমরা অষ্টম জাতীয় পে-স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুর্নবহালের জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

এসময় বক্তারা আরো বলেন, ১৯৭৩ সালের এ্যাক্ট অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ চারটি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের একই বেতন কাঠামো হওয়ার কথা থাকলেও এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামোর মধ্যে অনেক বৈষম্য রয়েছে।

এসময় বক্তারা সরকারের কাছে সকল পাবালিক বিশ্ববিদ্যালয়ে অভিন্ন বেতন কাঠামো নির্ধারণে পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানান।

এসএইচ