আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষ ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে হাসানুল হক (২১) ও মুনতাসির (২২) নামে দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এই ঘটনায় কলেজের ফজলে রাব্বী ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে সৃষ্টি হওয়া সংঘর্ষ দফায় দফায় বিকেল পর্যন্ত চলতে থাকে। এক পর্যায়ে কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেন।

কলেজ সূত্র জানায়, অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি রায়হান ও সাধারণ সম্পাদক আশিকুর রহমানের মধ্যে বিবাদ চলছে। এই নিয়ে তাদের সাথে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

সবশেষ মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দিনব্যাপী দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ। এতে ৫ জন আহত হয়। তাদের মধ্যে সভাপতি গ্রুপের হাসানুল ও মুনতাসিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ অধ্যক্ষ ডা. ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, ছাত্রদের সংঘর্ষের কারণে বকশিবাজারে থাকা ঢাকা মেডিক্যাল কলেজের ফজলে রাব্বী ছাত্রাবাস ত্যাগ করার জন্য সব ছাত্রকে নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কেউ হলে প্রবেশ করবে না।

তিনি আরো বলেন, ছাত্রদের সংঘর্ষের ঘটনা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

এমই