রাজধানীর শাহবাগে একটি বারে মদের বিল পরিশোধ নিয়ে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের এক নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাতের ওই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাবি সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানকে বহিষ্কারের কথা জানানো হয়।
একই ঘটনায় এসএম হলের সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম দিদার ও জিয়াউর রহমান হলের সভাপতি আবু সালমান প্রধান শাওনকে সতর্ক করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় দফতর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সভা থেকে এসেছে এ সিদ্ধান্ত।”
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পিকক বারের কর্মীদের সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে মদের দোকানে বিল পরিশোধ করাকে কেন্দ্র করে এসএম হলের সভাপতি মেহেদি হাসান বার কর্মীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে মেহেদিকে বেধড়ক প্রহার করে বারকর্মীরা।
এ খবর শুনে হলের সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম দিদার ও ছাত্রলীগের কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক হাসানুল হক বান্নার নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ কর্মী ওই বারে হামলা চালায়।
এ সময় ছাত্রলীগকর্মীরা বার লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে এবং বারকর্মীরা ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য করে মদের খালি বোতল ছোড়ে।
সংঘর্ষের সময় বারের কর্মীরা ছাত্রলীগের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//টিআই/এফএ[/b]
শিক্ষা
মদ পান নিয়ে সংঘর্ষ: ঢাবি ছাত্রলীগ নেতা বহিষ্কার
রাজধানীর শাহবাগে একটি বারে মদের বিল পরিশোধ নিয়ে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের এক নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।





