ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে (এসএম) ডাকসু ভিপি নুরুল হক নুরকে লাঞ্ছিত করে ছাত্রলীগ নেতারা। একইসঙ্গে নুরকে অবরুদ্ধও করে রাখে তাঁরা।
এই হলের আবাসিক শিক্ষার্থী মো. ফরিদ হাসানকে পিটিয়ে রক্তাক্ত করলে এর প্রতিবাদে আজ (০২ এপ্রিল) মঙ্গলবার বিকাল ৫টার দিকে অন্যান্য ছাত্রনেতাদের নিয়ে নুরুর নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং প্রভোস্টের কাছে বিচার দাবি করেন।
এসময় হলটিতে ভিপি নুরু প্রবেশের চেষ্টা করলে সেখানে তাকে লাঞ্ছিত এবং অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা।
দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) নুরুকে উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে হলের প্রাধ্যক্ষের উপস্থিতিতে তিনি হল থেকে বের হন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, গতকাল (সোমবার) রাত ১২টার দিকে এসএম হলে ফরিদ হাসান নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করে ছাত্রলীগের নেতারা। এই ঘটনায় আজ (মঙ্গলবার) বিকালে নুরের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর তারা মিছিল শেষ করে এসএম হলে যান এবং প্রভোস্টের কাছে বিচার দাবি করেন।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা এসএম হলে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা নুরদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতে থাকে। এসময় হলে নুরদেরকে অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, শুধু ফরিদকে রক্তাক্ত করেই ক্ষান্ত হয়নি, আমরা যারা প্রোভোস্টের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলাম, তাদের উপর হামলা করেছে। এসময় ডাকসুর ভিপি, সমাজসেবা সম্পাদককে অবরুদ্ধ করে রেখেছে। আর মেয়েদের লাঞ্চিত করেছে, গায়ে ডিম ছুঁড়েছে। আমার গায়েও ডিম ছুঁড়েছে।
এমবি





