সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের ৫৬তম সাহিত্য আড্ডা ও ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘অনুরণন’ এর মোড়ক উন্মোচন।
মূলত সাহিত্য পত্রিকাটি প্রকাশের লক্ষ্যে এই বিশেষ সাহিত্য আড্ডাটি আয়োজন করা হয়। এটি ছিল ৫৬ তম সাহিত্য আড্ডা। আলোচনার বিষয়বস্তু ছিলো ‘সমাজ গঠনে সাহিত্য’।
আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট চিন্তাবিদ ও গবেষক আবুল কাসেম ফজলুল হক, প্রাবন্ধিক ও সমাজচিন্তক আফজালুল বাসার। আড্ডাটি সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপ-পরিচালক কবি আমিনুর রহমান সুলতান।
অনুষ্ঠানের শুরুতে সাহিত্য পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সাহিত্য সংসদের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাহিত্য পত্রিকায় ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর, বিশিষ্ট গল্পকার খালিদ মারুফ, বিশিষ্ট কথা সাহিত্যিক কিঙ্কর আহ্সান, তরুণ কথাসাহিত্যিক তৈমুর রহমান মৃধাসহ অনেকের লেখা প্রকাশিত হয়েছে। পত্রিকাটি সম্পাদনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক প্রীতম চক্রবর্ত্তী। পত্রিকাটি ক্যাম্পাসের শ্যাডোর দোকানগুলোতে পাওয়া যাবে বলে জানা গেছে।
সংগঠনটির সাধারন সম্পাদক প্রীতম চক্রবর্ত্তী বলেন, “অনুরণন ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের প্রথম ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা। নানা জটিলতার কারণে আমরা অনেকের লেখাই প্রকাশ করতে পারিনি। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের প্রথম প্রয়াসের ভুল ও ত্রুটি-বিচ্যুতিগুলোকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি।”
আরো কথা হয়েছে সংগঠনটির দফতর সম্পাদক তৈমুর রহমান মৃধার সাথে। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে লেখালেখির সুপ্ত প্রভিভা বিকাশে সহায়তা করার লক্ষ্যে DULS'র এই প্রয়াস। সবার সহযোগিতা পেলে পত্রিকাটি শিখা, বাসন্তিকার মত ঐতিহাসিক সাহিত্য পত্রিকার কাতারে দাঁড় করাতে এই ঐকন্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ তথা DULS টিএসসির অন্যতম ক্রিয়াশীল সংগঠন। যারা সাহিত্য-সংস্কৃতি বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
হাসান/এমবি





